ভারতের অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় নরেন্দ্র মোদির সঙ্গে পূজার মঞ্চে থাকা এক পুরোহিতের করোনা ভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। ৮২ বছরের পুরোহিত নৃত্য গোপাল দাসকে দিল্লির কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৫ আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় বিতর্কিত ভূমিতে রামমন্দির নির্মাণের কাজ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমিপূজার সময় মঞ্চে যে পাঁচ জন উপস্থিত ছিলেন তাদের একজন নৃত্য গোপাল দাস বলে জানায় এনডিটিভি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোট ১৭০ জন আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে যাওয়ার আগে অতিথিদের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। টেলিভিশনের ফুটেজে ৫ আগস্ট ?অনুষ্ঠানের সময় মোদিকে নৃত্য গোপালের হাত ধরতে এবং নমস্কার করতে দেখা গেছে। ঐ পরীক্ষায় নৃত্য গোপাল দাসের ফলাফল ‘নেগেটিভ’ এসেছিল বলে জানান অযোধ্যার তথ্য অধিদপ্তরের পরিচালক ডা. মুরালি সিং। তিনি বলেন, ‘তাই পুরোহিত নৃত্য গোপাল দাসের কাছ থেকে প্রধানমন্ত্রীর সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।’ —রয়টাস
