‘হিমায়িত খাবার নিয়ে আতঙ্কিত হবেন না’

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২০:৪৫

খাবার বা প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে মানুষের শরীরে করোনা ভাইরাস ছড়ানোর নজির নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ব্যাপারে আতঙ্কিত না হতে সংস্থার পক্ষ থেকে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আমদানি করা প্যাকেটজাত মুরগির মাংস ও চিংড়িতে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে চীনের দাবির প্রেক্ষাপটে এমন বিবৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেন, ‘মহামারিতে এরই মধ্যে মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে। আর নতুন করে আতঙ্ক ছড়ানোর দরকার নেই। খাবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। খাবার অথবা খাবারের প্যাকেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভে বলেন, এরকম হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে করোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি।               —এএফপি