খুলনায় হরি নদ থেকে বালু উত্তোলন!

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৪

খুলনার ডুমুরিয়া উপজেলার তিন নম্বর রুদাঘরা ইউনিয়নের রুদাঘরা গ্রামের হরি নদ থেকে অবৈধভাবে বালু  উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের কারণে নদের পাড়ে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাড় ভাঙলে ফসলি জমি নদে বিলীন হয়ে যাবে। সে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে রুদাঘরা ওয়ার্ডের এক কিলোমিটার দীর্ঘ গোলদারবাড়ী ঘাট সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়েছে। গত আট দিন ধরে সড়কে প্রায় দেড় কিলোমিটার দূরে হরি নদ থেকে স্যালো মেশিন দিয়ে তৈরি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে সরাসরি এই সড়কে দেওয়া হচ্ছে। নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় পাড়ে ছোট ছোট ভাঙন ধরেছে। এই বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্টরা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী সরাসরি কোনো প্রতিবাদ করতে সাহস করছে না।

এলজিইডি ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী বিদ্যুত্ কুমার সাহা বলেন, এক কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য প্রায় ৮৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বালুর বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। এখন বালুর নমুনা এনে পরীক্ষা করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা-১ উপবিভাগীয়  প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, আমাদের কাছ থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাছাড়া বালু উত্তোলনের বিষয়ে অনুমতি দেয় জেলা প্রশাসন। তারপরও খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ বেগম বলেন, হরি নদের তলদেশ থেকে বালু উত্তোলনের বিষয়ে আমার জানা নেই। এ কাজ যদি কেউ করে থাকে তবে তা বেআইনি। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।