ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ২১ সদস্যের দলের মধ্যে ১২ জনই এবার আইপিএলে আছেন বিভিন্ন দলে। আর এই ১২ জন আইপিএলের শুরুটা মিস করতে যাচ্ছেন। কারণ, আইপিএলের জন্য আরব আমিরাতে দলগুলো যখন করোনা পরীক্ষার নিয়মের মধ্যে থাকবে, সে সময় পৌঁছাতে পারবেন না এই খেলোয়াড়রা।
আইপিএলের এবারের নিয়ম অনুযায়ী দলগুলোকে বিমানবন্দরে পৌঁছানোর পর হোটেলে যাওয়ার আগেই এক দফা সবার করোনা ভাইরাস পরীক্ষা করাতে হবে। এরপর সবাই সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এই সময়ে এদের আরো দুই দফা পরীক্ষা হবে। আর খেলা চলা অবস্থায় প্রতি পাঁচ দিনে একবার করে সবার পরীক্ষা করা হবে।
শুরুর সাত দিন আগে পৌঁছাতে পারবেন না বলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা আইপিএলের শুরুতে একটা অংশ মিস করবেন। এবারের আইপিএলে অস্ট্রেলিয়া দলের স্মিথ, ওয়ার্নারের পাশাপাশি খেলছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ, ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জশ ফিলিপ, কেন রিচার্ডসন, অ্যালেক্স কেরি, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাই।
