সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ার বামিহাল বাজারে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের পা কেটে নেওয়ার ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মোর্শেদুল ইসলামের চাচা আবদুস সাত্তার বাদী হয়ে আফজাল হোসেনসহ ১০জনের নামে সিংড়া থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার উপজেলার বামিহাল বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদুল ইসলামের এক পা কেটে নেয় ও আরেক পা ভেঙে দেয় প্রতিপক্ষ আফজাল গ্রুপের লোকজন। মোর্শেদুল ইসলামকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। পাশাপাশি পুলিশী টহল অব্যাহত রয়েছে।
