চিত্রশিল্পী ও ভাষাসংগ্রামী মুর্তজা বশীর করোনায় আক্রান্ত। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিল্পীর বড় মেয়ে মুনীরা বশীর বলেন, বাবা হূদেরাগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার রাতে বাবাকে এমআইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাবা তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর ছোট ছেলে মুর্তজা বশীর ঢাকা ও ফ্লোরেন্সে শিল্পশিক্ষা গ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশে ‘বিমূর্ত বাস্তবতা’ চিত্রধারণার প্রবর্তক শিল্পী মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’ শীর্ষক বিখ্যাত কয়েকটি চিত্রমালা রয়েছে।
লিনোকাট মাধ্যমে ‘রক্তাক্ত ২১ শে’ শীর্ষক তার আঁকা ছবিটি ভাষা আন্দোলন বিষয়ক প্রথম চিত্রকর্ম বলে গণ্য করা হয়। ১৯৭৯ সালে প্রকাশিত হয়েছে তার লেখা উপন্যাস ‘আলট্রামেরিন’। টেরাকোটা, মুদ্রা ও শিলালিপি নিয়েও তিনি গবেষণা করেছেন। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৯৮০ সালে তিনি পান একুশে পদক। ২০১৯ সালে শিল্পী মুর্তজা বশীরকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
