যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প ঠিক একই ধরনের প্রচার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধেও করেছিলেন। বারবার ওবামার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিকে কমলাকে রানিংমেট করার পর ৪৮ ঘণ্টার মধ্যে ৪৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। খবর ডয়চেভেলে ও রয়টার্সের
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি শুনলাম কমলা হ্যারিস তো ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতামানই পূরণ করতে পারছেন না। একজন আইনজীবী তো সেই কথাই লিখেছেন। আর ঐ আইনজীবী যথেষ্ট শিক্ষিত ও প্রতিভাবান। এটা খুবই গুরুতর ব্যাপার। বলা হচ্ছে, তিনি না কি আমেরিকার নাগরিক নন।’ তারপরেই ট্রাম্প বলেন, ‘আমি জানি না, এটা ঠিক না ভুল। আশা করছি, তাকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বাছাই করার আগে ডেমোক্র্যাটরা নিশ্চয়ই সবকিছু ভালো করে দেখে নিয়েছেন।’
কমলা হ্যারিসকে নিয়ে প্রশ্নটা তুলেছেন আইনের অধ্যাপক জন ইস্টম্যান। তার যুক্তি, কমলার বাবা জ্যামাইকার এবং মা ভারতীয় বংশোদ্ভূত। তারা অভিবাসী। তারা যদি স্টুডেন্টস ভিসা নিয়ে আমেরিকায় এসে থাকেন এবং কমলার যখন জন্ম হচ্ছে তখনও যদি তারা আমেরিকার নাগরিকত্ব না নিয়ে থাকেন তাহলে কমলাকে আমেরিকার নাগরিক বলা যাবে না। কমলার জন্ম হয়েছিল ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ায়। আমেরিকার অধিকাংশ আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ইস্টম্যানের যুক্তিকে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন, মার্কিন সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, আমেরিকায় জন্ম হলেই তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। ইস্টম্যানের তত্ত্বকে বর্ণবাদী ষড়যন্ত্রের তত্ত্ব বলে অভিহিত করা হচ্ছে।
বিবিসিকে বার্কলে ল স্কুলের আরউইন চেমেরেনস্কি বলেছেন, চতুর্দশ সংশোধনে বলা হয়েছে, যারা আমেরিকায় জন্মাবেন, তারাই মার্কিন নাগরিক। ১৮৯০ সাল থেকে সুপ্রিম কোর্টও তাই বলছে। কমলা হ্যারিসের জন্ম আমেরিকায়। নিউ ইয়র্ক টাইমস জানায়, হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক লরেন্স ট্রিবে বলেছেন, আমি এই বিষয়ে কথাই বলতে চাই না। কারণ, এটা একেবারেই বোকার মতো আলোচনা। যারা সংবিধান নিয়ে চর্চা করেন, চতুর্দশ সংশোধনের দ্বিতীয় অনুচ্ছেদ পড়েছেন, তারা কখনোই এই যুক্তি মানবেন না যে যিনি জন্মসূত্রে আমেরিকান। তিনি ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। কারণ তা বাবা ও মা অভিবাসী।
