ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চিকিত্সায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ছেলে অভিজিত্ মুখার্জি। তিনি জানিয়েছেন, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি বলেন, ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই (শুক্রবার) শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছেন। বাবা সব সময় বলতেন, দেশকে আমি যতটা দিয়েছি, দেশবাসীর কাছ থেকে তার চেয়ে অনেক বেশি পেয়েছি। তার জন্য প্রার্থনা করুন।
প্রণব মুখার্জির মেয়ে তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জি এক টুইট বার্তায় লিখেছেন, চিকিত্সার পরিভাষায় না গিয়ে, গত দুই দিনে আমি যতটুকু বুঝেছি তা হলো, বাবার অবস্থা অত্যন্ত সংকটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে তিনি সাড়া দিচ্ছেন। সকলের সম্মিলিত প্রার্থনা শক্তির ওপর আমার আস্থা রয়েছে। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে রয়েছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা করে যান।
