মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের বিধিনিষেধ শিথিল হচ্ছে। করোনাকালে স্থানীয় কর্মীদের সুরক্ষায় কয়েকটি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগে এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী সারাভানান মুরুগান এক বিবৃতিতে বলেন, বেশ কিছু নিয়োগদাতার অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার বিধি-নিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে বৈধভাবে কাজের অনুমতি নিয়ে দেশটিতে অবস্থান করছেন তাদের পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগ হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এসব তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, করোনা মহামারির কারণে গত মাসে সরকার স্থানীয়দের কাজের সুযোগ নিশ্চিত করতে নির্মাণ, কৃষি এবং খামার সেক্টরে বিদেশি কর্মী নিয়োগ সীমিত করে। যার ফলে জুলাই মাসে ৬৭ হাজার স্থানীয় কর্মী এবং ৪ হাজার ৭০০ বিদেশি কর্মী কাজ হারায়।
বিবৃতিতে বলা হয়েছে, কিছু নিয়োগদাতা দাবি করছেন তাদের এখনো বহু বিদেশি কর্মী প্রয়োজন এবং তারা বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা তুলে নেওয়ার আবেদন করেছেন। তবে কর্মী চাহিদা পূরণের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে নিয়োগদাতাদের আহ্বান জানিয়েছেন মন্ত্রী সারাভানান মুরুগান। মালয়েশিয়ার সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় ২১ লাখ বিদেশি কর্মী বৈধভাবে অবস্থান করছেন।
