ভারতে টেলিভিশন টক শোর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০০:২৮

টেলিভিশনে সন্ধ্যাবেলায় যে বিতর্ক অনুষ্ঠানগুলো হয়, তার ওপরে কোনোরকম নিয়ন্ত্রণ রাখা উচিত কী না, তা নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস দলের জাতীয় মুখপাত্র রাজীব ত্যাগী বুধবার একটি ‘হাই-ভোল্টেজ’ টেলিভিশন বিতর্কে অংশ নেওয়ার পরেই হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ব্যাঙ্গালোরে ক’দিন আগে যে সহিংসতা হয়ে গেছে, সেই বিষয়ের ওপরেই আজ-তক চ্যানেলে ওই বিতর্ক হচ্ছিল। বিজেপির মুখপাত্র এবং জাতীয় টেলিভিশনে অতি পরিচিত মুখ সম্বিত্ পাত্রের সঙ্গে রাজীব ত্যাগীর উচ্চস্বরে তর্ক হয়েছিল। আজ-তক চ্যানেলে ওই বিতর্কের দুটি অংশ সামাজিক মাধ্যমে বহু মানুষ শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে সম্বিত্ পাত্র ত্যাগীকে কিছুটা ব্যক্তিগত আক্রমণ করছেন এই বলে যে কপালে টিকা লাগালেই কেউ সাচ্চা হিন্দু হয়ে যায় না। ত্যাগীর কপালে সেদিন একটা টিকা ছিল।

বিতর্কটির আরেকটি অংশ যা সামাজিক মাধ্যমে অনেকে শেয়ার করছেন, সেখানে দৃশ্যতই অসুস্থ লাগছিল রাজীব ত্যাগীকে। বেশিরভাগ সংবাদ চ্যানেলেই সন্ধ্যেবেলার প্রাইম টাইমে বিতর্কসভা বা টকশোরর আয়োজন থাকে আর সেসব বিতর্কে মূলত রাজনীতির বিষয় নিয়েই চর্চা হয়। নিয়মিত দর্শকদের কেউ কেউ বলেন রাজনীতির চর্চা মোটেই হয় না, শুধুই চিত্কার চেঁচামেচি হয়। উত্তেজিত হয়ে অতিথিরা হাতাহাতি করেছেন, এমন ঘটনাও হয়েছে কলকাতার একটি টি ভি বিতর্কে। কংগ্রেস দলের আরেক মুখপাত্র জয়বীর শেরগিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরকে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছেন, উত্তেজনাপূর্ণ, কুত্সাপূর্ণ, বিষাক্ত টিভি বিতর্কগুলি নিয়ন্ত্রণ করার জন্য একটি আচরন বিধি" তৈরি করতে। টিভি চ্যানেলের বিতর্কগুলির ক্রমশই ব্যক্তিগত আক্রমনের পর্যায়ে চলে যায়, সেটা অনেক প্রবীন সাংবাদিক, যারা নিয়মিত এধরণের বিতর্কগুলোতে যান, তাদের অনেকেই মনে করেন। -বিবিসি