চট্টগ্রামে বস্তিতে আগুন, একই পরিবারের তিন জনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০০:৪৬

চট্টগ্রাম মহানগরীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী বৃদ্ধ, শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানাধীন একে খান গেট রেলক্রসিংসংলগ্ন আজম রোডের বস্তিতে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী। নিহতরা হলেন প্রতিবন্ধী বৃদ্ধ আবু তাহের (৬০), তার স্ত্রী আয়েশা বেগম (৫০) ও তাদের দেড় বছর বয়সি নাতি রাশেদ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, মারা যাওয়া আবু তাহেরের ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগুনে বস্তির ৩০টির মতো ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।