বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন 

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৫:৩৭

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব এ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য মো: ইকবাল হোসেন অপু'র পিতার নামে প্রতিষ্ঠিত এই  ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এ্যাডভোকেট আলহাজ্ব সুলতান হোসেন মিয়ার কন্যা জিয়াসমিন সুলতানা জেরি এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই ফাউন্ডেশন শরীয়তপুরের পালং এবং জাজিরার সকল মসজিদে বিশেষ দোয়া ও কাঙ্গালি ভোজ, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। 

আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে: ওবায়দুল কাদের

এদিকে, সকাল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ।

পরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনী একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণ শেষে দলের বিভিন্ন সংগঠন ও সরকারি দফতরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ইত্তেফাক/এমএএম