সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। হাজার বছর ধরে বাঙালির জাতিসত্তায় যে স্বপ্ন ও সংগ্রামের ধারা বয়ে এসেছে তাকে যথাযথ অনুবাদ করেন বাঙালির স্বপ্ন পূরণের মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারী কর্ম কমিশন সচিবালয়ে শনিবার সকাল ১১টা টায় বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কমিশন চত্বরে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পঁচাত্তরের ১৫ আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
পিএসসির সচিব মোছা. আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিএসসির চেয়ারম্যান ছাড়াও কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ‘৭১ মিলনায়তন’-এ ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়। কমিশনের চেয়ারম্যানসহ কমিশনের সদস্যগণ উক্ত আলোচনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়া কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
