২০১৮ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মুনাফায় সব ব্যাংকের শীর্ষে উঠে ব্র্যাক ব্যাংক। তবে সেই ব্যাংকটিই এখন ধারাবাহিক পতন লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে হারিয়েছে মুনাফা অর্জনের শীর্ষ স্থান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৮ সালের ৫৬৭ কোটি ১ লাখ টাকা মুনাফা করা ব্যাংকটির ২০১৯ সালে মুনাফা নেমে এসেছে ৪৫৮ কোটি ২৬ লাখ টাকায়। এদিকে ২০১৯ সালের তুলনায় চলতি বছরের ১ম ও ২য় প্রান্তিকেও বড় পতন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ২০১৯ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের ১ম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩২ শতাংশ। আর ২য় প্রান্তিকে কমেছে ৭৬ শতাংশ। ব্র্যাক ব্যাংকের ২০১৯ সালের ১ম প্রান্তিকের ১ দশমিক ০৪ টাকার ইপিএস কমে চলতি বছরের একইসময়ে হয়েছে শূন্য দশমিক ৭১ টাকা। আর ২য় প্রান্তিকের শূন্য দশমিক ৯৮ টাকার ইপিএস কমে হয়েছে শূন্য দশমিক ২৪ টাকা। ব্যবসায় পতনের সঙ্গে সঙ্গে ব্যাংকটির শেয়ার দরেও বড় পতন হয়েছে। বর্তমানে ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১০ টাকায়; যা ২০১৯ সালের ১৮ মার্চে ৮৮ দশমিক ৬০ টাকা ছিল।
