শোক দিবসে ১ হাজার পরিবারকে মাংস ও চাল বিতরণ আওয়ামী লীগ কাউন্সিলরের

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:৪১

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক। এ সময় অসহায় ১ হাজার পরিবারের কাছে ১ কেজি করে মাংস এবং ১ কেজি চাল বিতরণ করা হয়।
 
আজ শনিবার (১৫ আগস্ট) শোকাবহ আগস্ট মাসের কর্মসূচির অংশ হিসেবে ২৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভাসমান মানুষকে বিরানির প্যাকেট বিতরণ করেন কাউন্সিলর মানিক ও নেত্রীবৃন্দরা।

কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দাদের পাশে আছি আমি। করোনা পরিস্থিতি বিবেচনা করে আমি এই কর্মসূচি হাতে নিয়েছি। কারণ বিরানির প্যাকেট দিলে ১ জনেই  ১ প্যাকেট পাবে। আমার এই ব্যতিক্রমী আয়োজনে ১কেজি মাংস আর ১কেজি চাল নিয়ে পরিবারের সবাই খেতে পারে। আর বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়েছে আমাদের এই মাহফিলে।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতিতে ১১ হাজার পরিবারকে এসএমএস-এর মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে এবং প্রতি বুধবারে ১ মিনিটে কাঁচা বাজারের আয়োজন করে আসছি আমার এলাকার। এই এলাকার সকল শ্রেণীর মানুষের পাশে এভাবেই থাকার চেষ্টা করে যাবো।

ইত্তেফাক/আরএ