মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিশ্বাস করেন তারা সবাই সোচ্চার থাকবেন, আবার যেন কোনো ষড়যন্ত্র না হয়। যে ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর মতো আমাদের কাউকে হারাতে হয়, যে ষড়যন্ত্রে স্বাধীনতাবিরোধী রাজাকার, আল বদর, আল শামস এবং প্রতিক্রিয়াশীলরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে রক্ষা করতে না পারার ব্যর্থতা ও কলঙ্কের দায় আমাদের সবার। বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের রক্ষা করতে হবে। গতকাল শনিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু পূর্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। অভাবনীয়, অকল্পনীয় ও বিস্ময়কর সব পরিকল্পনা তিনি সাড়ে তিন বছরের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন করেছিলেন। যখন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ছিল তার মূল টার্গেট, তার ভেতরে তিনি সমস্ত আইন প্রণয়ন করে গেছেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করেন। এর আগে পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
