বিনম্র শ্রদ্ধায় দেশ জুড়ে শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:০৪

যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট সারা দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রাজশাহী: নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এতে নেতৃত্ব দেন।

খুলনা: এদিন সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৫ আগস্ট শাহাদত বরণকারী তার পরিবারের অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

 জেপির শোক সভা :খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির উদ্যোগে শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জেপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে দেশের স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশের ইতিহাসের পাতাকে কলঙ্কিত করেছিল। তারা এ দেশকে নেতৃত্ব শূন্য করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের অভ্যন্তরে লুকায়িত কুচক্রিরা এখনো ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য প্রধানমন্ত্রীকে আরো কঠোর হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

জেলা জেপির সিনিয়র সহসভাপতি ড. এস এম জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ ও সাম্যবাদী দলনেতা এফ এম ইকবাল। আরো বক্তব্য রাখেন আব্দুল হালিম, নান্টু ভুঁইয়া, মো. আবু হাসান, আল মামুন, মো. মাহবুবুর রহমান, আফজাল তরফদার, মো. আলী, এ কে আজাদ, অ্যাডভোকেট নাসরিন আক্তার প্রমুখ। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বরিশাল : শুক্রবার রাত ২টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের স্থায়ী ম্যুরালের ফলক উন্মোচন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যরা। এরপর মেয়র নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিকে শনিবার পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণসহ দোয়ায় অংশ নেন। অশ্বিনী কুমার হল চত্বর এবং আওয়ামী লীগ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যরা শ্রদ্ধা জানান। বরিশাল জেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর স্থায়ী ম্যুরালে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলামসহ প্রধান নির্বাহী কর্মকর্তা, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা জানান এবং মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমুখ।

পিরোজপুর :শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, বাস মালিক সমিতি, মহিলা আওয়ামী লীগ পৃথক আলোচনা সভার আয়োজন করে।

সিলেট : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

জেপির দোয়া:বাদ জোহর জেলা জেপির উদ্যোগে হযরত শাহপরান (রহ.)-এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুন নূর। এ সময় উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, সহসম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল প্রমুখ।

গাইবান্ধা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

নওগাঁ : শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু প্রমুখ।

ময়মনসিংহ : কালীবাড়ীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ভোলা (দক্ষিণ) : পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ সর্বস্তরের জনগণ।

কুমিল্লা : নগরীর কান্দিরপাড় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন স্বপন, অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা প্রমুখ।