কুমেক হাসপাতালে করোনা ইউনিটে আরো পাঁচ জনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:০৭

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিত্সাধীন অবস্থায় আরো পাঁচ জন মারা গেছেন। তাদের মধ্যে তিন জন পুরুষ এবং দুই জন নারী। শনিবার দুপুরে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। কুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্র জানায়, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন—কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০), চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫)। কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৩৫১ জন মারা গেছেন।