চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে চান নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ মন্ত্রণালয়কে ঢেকে সাজাতে চান তিনি। শপথ নেওয়ার পর সোমবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ ও ব্যাংকিং বিভাগের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুস্তফা কামাল অর্থমন্ত্রী হচ্ছেন এমনটি আগে থেকেই স্পষ্ট ছিল।
শপথ নেওয়ার পর তিনি প্রতিক্রিয়ায় বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফল হতে হয়। চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করাই হচ্ছে সফল মানুষের কাজ। চ্যালেঞ্জ যত বেশি হবে তত বেশি সাফল্য আসবে। আগের অর্থমন্ত্রী এ এম এ মুহিত গতকাল মন্ত্রণালয় থেকে বিদায় নেন। যদিও তিনি আরও এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে নিজের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। শেষাবধি তা হয়নি।
প্রসঙ্গত, অর্থমন্ত্রীর পদটি নিয়ে সাম্প্রতিককালে বেশ আলোচনা ছিল। গত সেপ্টেম্বরে দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে নতুন অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল এগিয়ে আছেন বলে জানিয়েছে। আর সেটিই শেষ পর্যন্ত বাস্তব হলো।
নতুন অর্থমন্ত্রী পর্যায়ক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যে তিনি অর্থ মন্ত্রণালয়কে নতুন করে ঢেলে সাজানোরও ইচ্ছা ব্যক্ত করেছেন।
