ভারতের সার্বভৌমত্বে কেউ আঘাত করলেই দাঁতভাঙা জবাব

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:২৫

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় নাম না করে প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনকে চরম সতর্কবার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এলওসি থেকে এলএসি পর্যন্ত, যখনই কেউ এদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে ভারতীয় সেনারা তখনই তার উপযুক্ত জবাব দিয়েছে। অর্থাত্ তিনি জম্মু ও কাশ্মীরের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা ও চীনের সঙ্গে সীমান্তের উল্লেখ করেছেন। মোদি গতকাল লালকেল্লার মঞ্চ থেকে ভাষণে এসব কথা বলেন। লাদাখের গালওয়ান উপত্যকায় গত জুন মাসে ভারতীয়           সেনাদের সঙ্গে চীনে লালফৌজের সংঘর্ষের কথা উল্লেখ করে মোদি বলেন, ‘ভারতের অখণ্ডতা রক্ষা আমাদের কাছে সবার আগে। আমাদের জওয়ানরা ঠিক কী করতে পারে, দেশ কী করতে পারে, লাদাখের উদাহরণের মাধ্যমে গোটা বিশ্ব তা দেখেছে। যে বীর যোদ্ধারা আত্মবলিদান দিয়েছেন, আজ লালকেল্লা থেকে আমি তাদের সেলাম জানাই।’

উল্লেখ্য, ১৫ জুন চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ বাধে এবং সেই সময় ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। পরে যদিও ভারত-চীন আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হয়। তবে শনিবার দেখা গেল, চীনের প্রতি বেশ কড়া মনোভাব পোষণ করে তাদের সতর্ক করলেন মোদি। তিনি বলেন, সন্ত্রাসবাদ হোক বা আগ্রাসনবাদ, ভারত দুইয়ের সঙ্গেই লড়াই করছে। মোদি বলেন, আজ প্রায় সারা বিশ্বই ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং তার প্রমাণ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য (অস্থায়ী) করার জন্য ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি ভোট গেছে ভারতের পক্ষে। ১ ঘণ্টা ২৬ মিনিটের ভাষণে মোদি ‘আত্মনির্ভর ভারত’, ‘লোকাল ফর ভোকাল’ এবং ‘মেক ইন ইন্ডিয়া টু মেক ফর ওয়ার্ল্ড’ এর মতো বিষয়গুলো নিয়েও বক্তব্য রাখেন। তার ভাষণে উঠে আসে দেশের করোনা পরিস্থিতি এবং কোভিড ভ্যাকসিন তৈরির প্রসঙ্গও।

মোদি আরো বলেন, ‘প্রতিবেশী শুধু সেই নয়, যে আমাদের সীমান্ত এলাকা ভাগ করে নেয়, তারাই প্রকৃত প্রতিবেশী যারা এর সঙ্গে আমাদের হূদয়ও ভাগ করে নেয়। যেখানে পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা তৈরি হয়, সেখানেই সম্পর্কে আরো উষ্ণতা আসে। যদি বৃহত্তরভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে যে, ভারতের সঙ্গে অনেক দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে কাজ করছি এবং একে অপরের প্রতি শ্রদ্ধার কারণে পারস্পরিক সম্পর্কও তৈরি হয়েছে।’ -এনডিটিভি