নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জিয়া ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের খুনি এবং খুনিদের মদতদাতা। জিয়া ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করায় প্রমাণিত হয় জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, একটি হত্যাকাণ্ড একটি দেশ ও জাতিকে পিছিয়ে দিতে পারে, যেমনটি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। হত্যাকারীরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে দেশে লুটেরা দুর্নীতির ধারা সৃষ্টি করেছিল, সেখান থেকে এখনো বেরিয়ে আসা যায়নি। গতকাল শনিবার প্রতিমন্ত্রী ঢাকায় মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে লেখক, গবেষক ও রিভারাইন পিপল-এর মহাসচিব শেখ রোকন ‘বঙ্গবন্ধুর নদী-দর্শন ও এশীয় শতাব্দির বাংলাদেশ’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। জুম অ্যাপ ভিডিওতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ এবং মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহাজাহান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ‘বঙ্গবন্ধুর স্টিমার যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বিআইডব্লিউটিসি গ্রন্থটির প্রকাশনা করে। পরে প্রতিমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা সদরঘাটে নৌশ্রমিকদের মধ্যে বিশেষ খাবার বিতরণ করেন।
