নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০০:৫৩

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, সোহাগ (১৯) ও  মেহেদী (২৫)। গতকাল শনিবার সকালে আগারগাঁও বিএনপি বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে প্রাণ হারান সোহাগ। আর গতকাল দুপুরে বনশ্রীর একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মেহেদীর মৃত্যু হয়। নিহত দুইজনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নিহত সোহাগের সহকর্মী শহিদুল ইসলাম জানান, সোহাগের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়ার বোরকা বাজার এলাকায়।

এদিকে বনশ্রীর স্বপ্ননীড় প্রজেক্টের নির্মাণাধীন ৯ তলা ভবনে ইলেক্ট্রিক মিস্ত্রীর কাজ করতেন মেহেদী। গতকাল দুপুরে ভবনের ছাদ থেকে নিচে পড়েন তিনি। তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।