স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ১৫ আগস্ট একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, এমপি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন বঙ্গবন্ধু, আর এই অল্প সময়েই তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন।
আরমা দত্ত বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের কাছে চিরঋণী এবং এই ঋণ কোনো দিন শোধ হবার নয়।
পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বঙ্গবন্ধুর দর্শন সকল সময়ে মানুষকে কেন্দ্র করে আবর্তিত ছিল। বঙ্গবন্ধুর আদর্শ কেবল সভা-সমাবেশ ও বক্তৃতার মধ্যে সীমিত না রেখে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
