খালেদা জিয়া কার্যত মুক্ত নন :রিজভী

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০০:৫৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে সাজা দেওয়া হয়েছে। তাকে এখন মুক্ত বলা হলেও কার্যত তিনি মুক্ত নন। তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃসময়ে বসবাস করছি। যে সময়টাতে কথা বলতে ভয়, কোনো বাক্স্বাধীনতা নেই। কথা বললেই হামলা-মামলা, গুম, খুন ও জেল। গতকাল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দুর্নীতির পৃষ্ঠপোষক। তাহলে পদ্মা সেতুর কেলেঙ্কারি কি বিএনপির সময় হয়েছে? বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ