কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় বাসের আট যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন এবং তার জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী ১৬ জানুয়ারি ধার্য করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ নভেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম শামছুল আলম শুনানির দিন সোমবার (৭ জানুয়ারি) ধার্য করেছিলেন। জানা গেছে, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ওই বাসের সাতজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনসহ মোট আট যাত্রী মারা যায়। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। সোমবার মামলার চার্জ গঠন ও খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
কুমিল্লার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন জানান, কুমিল্লা জেলা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় আগামী ১৬ জানুয়ারি এ মামলার চার্জ গঠন ও খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
