বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচজন আনসার সদস্য গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করেন। এদের মধ্যে দুইজন সদস্যকে দুষ্কৃতকারীরা হত্যা করে এবং বাকি তিনজন নির্বাচন বিরোধী অপশক্তির কিছুটা অস্থিতিশীল পরিস্থিতির কারণে হূদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বাহিনীর পক্ষ থেকে কল্যাণ হিসেবে প্রত্যেকের পরিবারকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হয়। গতকাল সোমবার বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় মহাপরিচালক, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আনসার সদস্য মরহুম শাহাবুদ্দিন, পিতা-আব্দুল আউয়াল, গ্রাম-পূর্বভিটিপাড়া, ডাকঘর-সিংহশ্রী, উপজেলা-কাপাসিয়া, জেলা-গাজীপুরের স্ত্রী মোছাঃ রমিজা খাতুন ও ছেলে মোঃ রনিকে বাহিনীর পক্ষ থেকে অনুদান হিসেবে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন। মৃত্যুবরণকারী বাকি চারজনের প্রতি পরিবারকেও বাহিনীর পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
