আওয়ামী লীগ দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) রচিত এই সংবিধানে যে বিধানটুকু আছে সেটা তারা নিজেরাই লঙ্ঘন করেছে। সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। এটা সম্পূর্ণরুপে সংবিধানবিরোধী। কারণ এই সংসদের মেয়াদ হচ্ছে ২৮ জানুয়ারি পর্যন্ত। তার আগে তারা এটা করতে পারে না। একটি সংসদ বহাল থাকা অবস্থায় কিভাবে তারা আরেকটি সংসদের জন্য শপথ নিল?
গতকাল সোমবার রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, প্রায় ২১/২২ দিন অতিক্রান্ত হলেও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার নিকটাত্মীয়দের দেখা করতে দেয়া হচ্ছে না। বন্দীদের যে আইনসম্মত অধিকার তা থেকেও বঞ্চিত করা হচ্ছে বেগম জিয়াকে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।
