বন্যার পানির প্রবল চাপে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুত্ লাইনের ২০টি খুঁটি ভেঙে রাস্তার ওপর পড়ে থাকায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। এ নিয়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক। এদিকে যানবাহন চলাচল করতে না পেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি-বালিয়া-ধামরাই সড়কে এ ঘটনা ঘটেছে। শনিবার এই সড়কের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি রাস্তার ওপর পড়ে আছে। শনিবার টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি-১, মির্জাপুর জোনাল অফিস সূত্র জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের লক্ষ্যে পল্লী বিভাগ ওয়ার্শি-বালিয়া-ধামরাই সড়কে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের নতুন লাইন নির্মাণ করা হয়েছে। পুরো লাইন নির্মাণ এখনো শেষ হয়নি। এদিকে গত দেড় মাসের বন্যার পানি বৃদ্ধির ফলে ওয়ার্শি-বালিয়া রোডের পাশে নির্মিত ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুত্ লাইনের ২০টি খুঁটি ভেঙে রাস্তার ওপর পড়ে আছে। খুঁটি আশপাশের বিভিন্ন বাসাবাড়ির ওপরও পড়েছে। উপজেলার পুষ্টকামুরী, ঘুগী, রোয়াইল, ওয়ার্শিসহ ১০-১২টি গ্রামের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে বলে ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি-১, মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম বলেন, বন্যার পানির প্রবল চাপে ওয়ার্শি-বালিয়া-ধামরাই রোডের পাশে নবনির্মিত বিদ্যুত্ লাইনের প্রায় ২০টি খুঁটি ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি বিদ্যুত্ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নতুন লাইন পুনরায় দ্রুত নির্মাণ করা হবে। লাইনটি বর্তমানে বন্ধ রয়েছে।
