চট্টগ্রামে বস্তাবন্দি অবস্থায় নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

চট্টগ্রাম অফিস

নগরীতে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করে লাশ বস্তায় ভরে  ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রবিবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার মোল্লাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর আনুমানিক বয়স ৩০ বছর।

পুলিশ জানায়, মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ইউসুফ মিয়ার বাড়ির সীমানা দেওয়ালের ভেতরে একটি আমগাছের নিচে বস্তাবন্দি অবস্থায় লাশটি পাওয়া যায়। বিছানার চাদর দিয়ে মোড়ানো লাশটি বস্তায় ভরে সেলাই করে দেওয়া হয়। ওই নারীর পরনে ছিল সালোয়ার কামিজ। লাশে শ্বাসরোধ কিংবা অন্যকোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।