দোয়ারাবাজারে খাসিয়াদের গুলিতে নিহত ১

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:৩১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরির সময় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলা বাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় খাদিম মিয়া (৩০) নামের আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। নিহত নূর মিয়া (৩৬) উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনীর মফিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বাঁশতলা সীমান্তবর্তী ভারতীয় মৌলবস্তি এলাকায় খাসিয়াদের সুপারি বাগান রয়েছে। সোমবার বিকেলে দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করতে যায়। এসময় বাগানের মালিক খাসিয়ারা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই নূর মিয়া নিহত হয় এবং গুলিবিদ্ধ আহত হয়ে খাদিমা মিয়া বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে প্রবেশ করে আহত খাদিম মিয়া পলাতক রয়েছে। ঘটনার পর নিহতের লাশ আটকে রেখেছে ভারতীয় খাসিয়ারা।

আরও পড়ুনঃ শপথ নিলেন মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য​

সুনামগঞ্জ বিজিবি ২৮ এর অধিনায়ক লে.কর্নেল মোহাম্মাদ মাকসুদুল আলম বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করতে গেলে খাসিয়ারা দুই বাংলাদেশিকে গুলি করে, এর মধ্যে একজন মারা গেছে। স্থানীয়ভাবে দুই দেশের নাগরিকরা লাশ ফেরত ব্যাপারে আলাপ-আলোচনা করছেন বলে তিনি জানান।

ইত্তেফাক/আরকেজি