কালুখালী উপজেলায় ব্যবসায়ী রবিউল বিশ্বাস হত্যার ঘটনায় কালুখালী থানায় পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহত রবিউলের স্ত্রী মোছা. শাবানা আক্তার বাদী হয়ে রফিককে প্রধান আসামি করে শনিবার মধ্যরাতে কালুখালী থানায় এ মামলাটি করেন। অন্যদিকে কালুখালী থানা পুলিশ রবিউলের মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের হামলার ঘটনায় অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে কালুখালী থানার উপপরিদর্শক সোহাগ সাহা একটি মামলা করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন—কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রফিক, ইলিয়াস, রাকিব, ইসলাম ও মোসলেম। এহাজার নামীয় রাকিব গ্রেফতার ছাড়াও হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেনের দুই ছেলে রাসেল ও সোহেল নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় পুলিশের কোনো ‘ফাউল প্লে’ আছে কি না—সেটার জন্য রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শেখকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
