লেবু উত্পাদনকারী শীর্ষস্থানীয় উপজেলা হিসেবে পরিচিত ধামরাইয়ের লেবুবাগানগুলো বন্যার পানিতে ডুবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষি ও খামার মালিকরা। উপজেলার রাজাপুরের ইফাজ তাহিয়া এগ্রোফার্মের স্বত্বাধিকারী অ্যাডভোকেট এ আর খান রানা জানান, তার প্রায় ৩২ বিঘা লেবুবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি বন্যায় প্রায় ১০ লাখ টাকার মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির খামারও। উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক বাস্তা-নয়াচরের লেবুচাষি মো. আব্দুল কুদ্দুস জানান, তিনি ৪০ লাখ টাকায় পত্তন নিয়ে প্রায় ২ হাজার শতাংশ জমিতে লেবু চাষ করেন। বন্যায় তার বাগান নষ্ট হওয়ায় তিনি নিঃস্ব হতে বসেছেন। একই এলাকার লেবুচাষি মো. দলিল উদ্দিন দুদু, আরফান আলী, ইসমাইল হোসেন, আব্দুল হাইসহ উপজেলার বিভিন্ন এলাকার আরো চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত লেবুচাষিরা বন্যাজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতা চেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান জানান, উপজেলায় প্রায় দেড় হাজার লেবুচাষি ও খামার মালিক প্রায় ৬ হাজার বিঘা জমিতে লেবু চাষ করেছেন। বন্যার কারণে তাদের অধিকাংশই এখন লোকসানের মুখে। করোনাকালে এই উপজেলার লেবু দিয়ে রাজধানীসহ আশপাশের এলাকায় লেবুর চাহিদা পূরণ করা হয়েছে। এখানকার উত্পাদিত লেবুতে দেশের মোট চাহিদার একটি বড় অংশ পূরণ করে বিদেশেও রফতানি হয়ে থাকে।
