আবার ট্রাম্পের সমালোচনায় টেইলর সুইফট

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:৪৬

সারা বিশ্বের মতো করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ নভেম্বরেই অনুষ্ঠিত হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। করোনার মধ্যে ভোট গ্রহণে নানা প্রতিবন্ধকতা, ইমেইলের মাধ্যমে ভোট নেওয়া হলে ভোট গণনা করা সময়সাপেক্ষ ইত্যাদি ‘অজুহাতে’ নানা সময়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। মার্কিন নির্বাচন ইস্যুতে ট্রাম্পের সমালোচনা করে টুইট করেছেন স্পষ্টভাষী মার্কিন সঙ্গীত শিল্পী টেইলর সুইফট। ট্রাম্পকে নিয়ে মন্তব্য করার মাধ্যমে তিনি তার ভক্তদের কাছেই নিজের অবস্থান তুলে ধরেছেন। নভেম্বরের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন টেইলর সুইফট।তিনি তার টুইটে বলেন, নির্বাচনের ভোট গ্রহণে মার্কিন পোস্টাল সার্ভিসের সময় কমিয়ে দেওয়ায় ভোটগ্রহণে জটিলতা সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন। এর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেন। তিনি বলেন, মি. ট্রাম্প ভালো করেই বুঝতে পারছেন যে, আমরা তাকে আর প্রেসিডেন্ট হিসেবে চাইছি না। তিনি কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে ক্ষমতায় টিকে থাকতে চান এবং লাখো মার্কিনির জীবনকে ঝুঁকিতে ফেলতে চান। আর ব্যর্থ নেতৃত্বের কারণে যুক্তরাষ্ট্র সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি এর সুযোগ নিতে চাইছেন এবং আমাদের অধিকার হরণ করতে চাইছেন। আমরা বরং অনুরোধ করছি যাতে আমাদের ব্যালট আগেভাগে দেওয়া হয়, ভোট আগেভাগে নেওয়া হয়।—সিএনএন