শিশুসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
মহেশপুর (ঝিনাইদহ) :রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় জুই খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার মহেশপুর-দত্তনগর সড়কের বোয়ালীয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর :সদরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ উলটে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—নেত্রকোনার কলমাকান্দা মহিষাশুর এলাকার সাকের আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩২) ও একই জেলার দুর্গাপুর থানার সারিয়ার মাসকান্দা এলাকার মিয়াজ আলীর ছেলে মো. আমির হোসেন (৩০)।
ধামরাই (ঢাকা) :ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় গতকাল পাটুরিয়া অভিমুখী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
জামালপুর :মেলান্দহে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক মাহফিজুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। গতকাল মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ঝিনাই ব্রিজে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে।
