সিরাজগঞ্জ-১, নওগাঁ-৬, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার থেকে এই আবেদনপত্র বিক্রি শুরু হবে। চলবে ২৩ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, জাতীয় সংসদের ৫১ নওগাঁ-৬, ৬২ সিরাজগঞ্জ-১, ৭১ পাবনা-৪ এবং ১৭৮ ঢাকা-৫ ও ১৯১ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের আজ সোমবার থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দানের অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার লোকসমাগম না করে (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। মোহাম্মদ নাসিম, ইসরাফিল আলম, শামসুর রহমান শরিফ ডিলু, হাবিবুর রহমান ও সাহারা খাতুনের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।
