দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মুর্শেদুল ?হাসান নামে হাইকোর্টের এক বেঞ্চ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে গতকাল রবিবার তাকে বরখাস্ত করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেঞ্চ অফিসার মো. মুর্শেদুল হাসানকে তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলায় আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের চাকরি বিধিমালা ১৯৮৩-এর ৪ (১) (জি) বিধিমতে চাকরি হতে বরখাস্ত করা হলো।
জানা যায়, গত ৬ আগস্ট যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে রানা মণ্ডল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে রানা জানান, এই ইয়াবা তিনি মিরপুর এলাকার ‘মাদক সম্রাট’ মুর্শেদুল হাসানের কাছ থেকে কিনে এনেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে যাত্রাবাড়ী ও মিরপুর থানার পুলিশ ঐ দিনই অভিযান চালিয়ে মিরপুরের মধ্য পীরেরবাগের ৩১৫ নম্বর বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ইয়াবা বিক্রির টাকায় মুর্শেদুল হাসান দুটি বিলাসবহুল গাড়ির মালিক। এর মধ্যে গত কোরবানির ঈদের আগে ৯৫ লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন, যেটির ওপর এখনো নম্ব্বর প্লেট পড়েনি।
