মুন্সীগঞ্জে ইসরাফিল হক (৪২) নামে এক শিক্ষক খুন হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুরে হালদারবাড়ি মসজিদের অদূরে ফাঁকা রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়ের কাজ শেষে শহরতলীর পঞ্চসারের বাসায় আসার পথে তিনি হাতিমারা এলাকায় প্রাইভেট পড়াতে গিয়েছিলেন। কিন্তু আর ফেরেননি। লাশ উদ্ধারের পর রাত ২টার দিকে তার পরিচয় জানা যায়।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় খুনিরা। কারণ যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়, সেখানে রক্ত দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইসরাফিল হক চাঁপাইনবাবগঞ্জের মজিবুর রহমানের পুত্র। তিনি চাকরির কারণে এখানে বসবাস করতেন। এক সন্তানের জনক এই শিক্ষকের মৃত্যুতে তার স্কুলের সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
