ভারতে টানা দুই সপ্তাহ ধরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে প্রতিদিন বেড়েই চলছে করোনায় আক্রান্তে সংখ্যা। এর মধ্যে ভারতে ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আনন্দবাজার জানায়, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘এক দেশ এক কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শনিবার স্বাধীনতা দিবসের বক্তব্যে ‘ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন’ প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
খবরে বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে নিবন্ধিতদের একটি জাতীয় স্বাস্থ্য-কার্ড বা পরিচয়পত্র দেওয়া হবে। যেখানে তাদের স্বাস্থ্য সম্পর্কিত সকল তথ্য জমা থাকবে। যা সহায়তা করবে রোগীর চিকিৎসায় ডাক্তারদের। এতে ভুল চিকিৎসার প্রবণতা কমে আসবে। ফলে দায়বদ্ধতা বাড়বে চিকিৎসকসহ গোটা চিকিৎসা ব্যবস্থার।
এদিকে, গত বছর থেকেই ডিজিটাল স্বাস্থ্য প্রকল্পের পাইলট প্রকল্পের কাজ শুরু হয় দেশের ছয়টি অঞ্চলে। এর মধ্যে রয়েছে পুদুচেরি, দাদরা ও নগরহাভেলি, দমন ও দিউ, চণ্ডীগড়, আন্দামান-নিকোবর, লক্ষদ্বীপ।
জানা যায়, প্রতিটি পরিচয়পত্র যুক্ত থাকবে জাতীয় ডিজিটাল হেলথ মিশনের তথ্যভাণ্ডারে। পরিচয়পত্রের আইডি-র মাধ্যমে ওই ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত তথ্য তথ্যভাণ্ডারে যুক্ত করতে পারবেন চিকিৎসক, হাসপাতাল ও ক্লিনিকগুলি।
আরও পড়ুন: এবার ইসরায়েল-আমিরাতের টেলিফোন সেবা চালু
নরেন্দ্র মোদি জানান, কোনও ব্যক্তি যত বার চিকিৎসক বা ওষুধের দোকানে যাবেন, তত বার সেই ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত তথ্য তথ্যভাণ্ডারে জমা হতে থাকবে। ফলে কোনও ব্যক্তি কোন চিকিৎসক দেখাচ্ছেন, তিনি কি ওষুধ খাওয়ার সুপারিশ করছেন এসব তথ্য কার্ডে জমা থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসকদের চিকিৎসা করতে সুবিধে হবে চিকিৎসকদের।
ইত্তেফাক/আরআই

