আশুলিয়ায় বাস থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০৭

সাভারের আশুলিয়ায় একটি বাসের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম দুখুনি বেগম (৪০)। গতকাল সোমবার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় সড়কের পাশে পার্কিং করা মোহনা পরিবহনের একটি বাস থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত দুখুনি বেগম বগুড়া জেলার শেরপুর থানার উত্তর শাহপাড়া এলাকার মোঃ হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় থেমে থাকা মোহনা পরিবহনের ওই লোকাল বাসটির ভেতরে এক নারীকে পড়ে থাকতে দেখে পথচারীরা। এরপর ঘটনাটি আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাবেদ মাসুদ জানান, বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।