আসামে বিজেপি জোট ছাড়লো আসাম গণপরিষদ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০০:৩০

ভারতে আগামী লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আসামে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে আসাম গণ পরিষদ (অগপ)। গতকাল সোমবার দিল্লিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অগপ’র প্রধান অতুল বোরা। তবে জোটসঙ্গী সমর্থন তুললেও রাজ্যে বিজেপির সরকার পড়বে না। গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন অতুল বোরা। বৈঠক থেকে বেরিয়ে বিজেপি জোট ছাড়ার কথা জানান তিনি। ২০১৬ সালে নাগরিকত্ব আইনে সংশোধনী আনে কেন্দ্রীয় সরকার। এরপরই প্রতিবাদ শুরু করে অগপ। তাদের দাবি, এই বিল পাশ হলে আসামের সংস্কৃতি নষ্ট হবে। অতুল বোরা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নাগরিকত্ব সংশোধনী আইন থেকে সরে আসতে। কিন্তু বিজেপি আমাদের কথা শোনেনি। ফলে আমাদের বের হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আজ মঙ্গলবার বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হতে পারে। -এনডিটিভি