নদীমাতৃক এদেশ আমার জল টলোমল ঘাট,
জলে ভাসে জলে ডোবে সকল রাজ্যপাট।
জলের মাঝে সারা বছর বেদ-বেদিনীর ঘর,
চলছে জীবন অনায়াসে জলেই নিরন্তর।
জলে ফোটে শাপলা শালুক জলজ কত ফুল
জলের দেশে জল ছাড়া কেউ ভাবলে হবে ভুল।
জলই জীবন, জীবন নাকি জলের অপর নাম,
ভেবো না কেউ, কথাটা ঠিক এইমাত্র জানলাম।
দেহের মাঝেও জল আছে বেশ, বিজ্ঞানীরা কয়,
তবে কেন জল বাড়লে এত্তো কথা হয়?
জলের শোভা মনোলোভা তাকিয়ে দেখো ঠিক,
চাঁদের কিরণ রাতের বেলায় দারুণ ঝিকিমিক।
আপিসপাড়া বাসাবাড়ি রাস্তাঘাটে জল,
এসব দেখে কেন তুমি হারাও মনোবল?
জল দেখে কি উঠবে জ্বলে, মানবে এসব কেউ
বেশ লাগে না, যখন দেখো পদ্মা নদীর ঢেউ?
জলেই থাকো ঝলোমলো জলেই করো বাস,
তাই বলি কী, জল নিয়ে ভাই রাখো হা-হুতাশ।
ভেবে দেখো জলের মাঝে সকল কাজই চলে,
এসো না ভাই, মনের সুখে নৌকো ভাসাই জলে।
