সরাইলে দাফনের ৯৬ দিন পর স্কুলছাত্রের লাশ উত্তোলন

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:২০

আদালতের নির্দেশে সরাইলে দাফনের ৯৬ দিন পর স্কুলছাত্র বায়েজিদের (৮) লাশ উত্তোলন করা হয়েছে। দাফনের ৭৯ দিন পর শিশুটির বাবা হেলাল মিয়া প্রতিবেশী মাসুক (৪২) ও তার পরিবারের আরো ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গতকাল সোমবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকার উপস্থিতিতে পুলিশ ঐ লাশ উত্তোলন করে মর্গে পাঠিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন, লাশটিতে পচন ধরলেও শরীরের সব জায়গায় মাংস আছে। ফরেনসিক নিরীক্ষায় সঠিক ফলাফলই আসবে। সাক্ষীরা বলছেন, মুখের এক পাশে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরই পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।