রাজধানীর বংশাল এলাকায় মাদক সেবনের সঙ্গী বদল করায় ক্ষিপ্ত হয়ে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত তরুণীর নাম রানী (২৫)। অভিযুক্ত ঘাতকের নাম সোহাগ (২৩)। পুলিশ বলছে, তারা দুজনই রাজধানীর ভাসমান হিসেবে ফুটপাতে থাকতেন। দুজনই মাদকাসক্ত ছিলেন। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে বংশাল রোডের ওয়ালটন গলির ভেতর থেকে পুলিশ রানীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রানী আগে তার কাছে থাকতেন। একই সাথে তারা মাদকও সেবন করতেন। সমপ্রতি রানী সোহাগকে ছেড়ে অন্য আরেকজনের সাথে থাকতেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ব্লেড দিয়ে রানীর গলা কেটে হত্যা করে সোহাগ।
