সোমালিয়ায় ফের জঙ্গি হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৫

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:২২

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে ঢুকে জঙ্গিরা নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর পর স্পেশাল ফোর্সের অভিযানে সংকটের রক্তাক্ত অবসান ঘটেছে। রবিবার লিডো সমুদ্রসৈকতের পাশে এলিট হোটেলের এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এদিকে সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমে গোফগাজু অঞ্চলে একটি সেনাক্যাম্পে গাড়িবোমা হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন।

রয়টার্স জানায়, হামলাকারীরা হোটেলটির সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে। এ ঘটনার আরো ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। জঙ্গিরা হোটেলটিতে তাণ্ডব চালানোর পর বেশ কয়েক জনকে জিম্মি করে। সম্প্রতি নির্মিত এ হোটেলটির মালিক দেশটির পার্লামেন্ট সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবদুল্লাহ মোহাম্মদ নোর এবং হোটেলটিতে সরকারি কর্মকর্তাদের আনাগোনা ছিল বলে বিবিসি জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে ঘটানো বিস্ফোরণটির শব্দ পুরো মোগাদিশু জুড়ে শোনা গেছে। বিস্ফোরণের পর ঐ এলাকা থেকে লোকজন পালাতে শুরু করলে হুড়োহুড়ি লেগে যায়।