চলে গেলেন সাবেক হকি তারকা এহতেশাম

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:৪৮

দেশের ক্রীড়াঙ্গনে একজন অমায়িক ভদ্রলোক ছিলেন হকির সাবেক তারকা এহতেশাম সুলতান। এই তারকা হকি ছাড়াও ফুটবল খেলেছেন আজাদ স্পোর্টিং ক্লাবে। সবার প্রিয়মুখ এহতেশাম সুলতান (৭৪) গতকাল ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বিকালে হকি স্টেডিয়ামে জানাজার পর মিরপুরে দাফন করা হয় তাকে।

লিভার ক্যান্সারে আক্রান্ত, চিকিত্সারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এহতেশাম সুলতান পূর্ব পাকিস্তান এবং স্বাধীনতার পর খেলেন বাংলাদেশ দলে। ১৯৭৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে হকি টেস্ট সিরিজে খেলেছেন। অবসর নিয়েছেন আশির দশকে। এশিয়া কাপ, এশিয়ান গেমসসহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ হকি দলের কোচ ছিলেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সাবেক ক্রীড়াবিদ হকি ফেডারেশনের সদস্য এহতেশাম সুলতানের এক ছেলে ও দুই কন্যা। জাতীয় ফুটবল দলের আরেক সাবেক তারকা ইমতিয়াজ সুলতান জনির বড় ভাই তিনি। চার ভাইয়ের অন্য দুই জন এলহাম এবং ডনি। এহতেশাম সুলতানের মৃত্যুতে শোক জানিয়ে চলমান খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্পে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিওএর সভাপতি  এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক, মোহামেডান, বিএসপিএ ও বিএসজেএ।