এডিস মশার প্রজননস্থল শনাক্ত ৩২ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:০৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ১০৩টি স্থাপনায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় পাঁচটি মামলা ও ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ডিএসসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর কলাবাগান এলাকা, অঞ্চল-২ এর নয়াপল্টন এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৩টি স্থাপনা পরিদর্শন করেন এবং দুইটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুইটি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করে।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ২৪টি স্থাপনা পরিদর্শন করেন এবং দুইটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পায় এবং দুইটি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পায়। এ সময় দুইটি মামলা দায়ের ও ৭ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। একই সঙ্গে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৫৬টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত একটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পান এবং একটি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পান। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।