করের আওতা বাড়াতে সামগ্রিক অটোমেশনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব বাড়াতে গাড়ির মালিকদের কাছে নম্বরপ্লেট বিক্রি পরিকল্পনা রয়েছে সরকারের। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এনবিআর কর্মকর্তাদের আলোচনায় রাজস্ব আদায় বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেইজ তৈরিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ব্যক্তিগত গাড়ির বিশেষ ধরনের নম্বরপ্লেট বিক্রির মাধ্যমেও রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এছাড়া এনবিআরের নিজস্ব জরিপের পাশাপাশি তৃতীয় পক্ষের তথ্যভান্ডার ব্যবহারও শুরু হয়েছে। এটিকে আরো ব্যাপকভাবে ব্যবহার করতে চায় এনবিআর। তৃতীয় পক্ষ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিটি করপোরেশন, বিদ্যুত্ বিভাগের তথ্যভান্ডার ব্যবহারের আলোচনা চলছে। এরই মধ্যে কিছু তথ্যভান্ডার ব্যবহার হচ্ছে।
