মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মীর পা প্রায় বিচ্ছিন্ন

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:৪২

প্রতিপক্ষের হামলায় খলিলুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীর পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল সোমবার শালিখা উপজেলার নাঘোষা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জখম হয়েছেন আরো অন্তত পাঁচ জন। এ সময় একটি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ তিন জনকে আটক করেছে ।           আহত খলিলুর রহমানকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। মাগুরা হাসপাতালের চিকিত্সক ডা. রেজাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে খলিলুর রহমানের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, শলিখার নাঘোষা গ্রামসহ তালখড়ি ইউনিয়নের বাসিন্দারা দুইটি সামাজিক দলে বিভক্ত। সম্প্রতি বিমল শিকদার গ্রুপের কয়েক জন সমর্থক শালিখা উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের গ্রুপে যোগ দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা বিমল শিকদার গ্রুপের খলিলুর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমানের বাম পা ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া আরো কয়েক জনকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা একটি ঘর ভাঙচুর করে।