গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার পেপারবুক প্রস্তুত সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ঐ পেপারবুক বিজি প্রেস থেকে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছায়। এখন এই মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে।
গত বছরের ২৭ নভেম্বর হলি আর্টিজান মামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র?্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন। পরে মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। এরপরই পেপারবুক প্রস্তুতের জন্য নথি বিজি প্রেসে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের পাশে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা ভয়াবহ ও নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের হত্যা করে।
