প্রথম ফাইনালে চোখ পিএসজির

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৪:১৪

নিজেদের ১০ বছরের ইতিহাসে আরবি লিপজিগ এবারই প্রথম এসেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। প্রতিপক্ষ পিএসজিয়ের আগে একবারই খেলেছে এ মঞ্চে, সেটাও ২৫ বছর আগে। লিসবনে আজ দুই দল যখন একে অপরের মুখোমুখি হবে, প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করাই হবে লক্ষ্য।

চলতি মৌসুমে একের পর এক বিস্ময় সৃষ্টি করে শেষ চারে এসেছে লিপজিগ। জি গ্রুপের মৃত্যুকূপ থেকে লিওঁ, বেনফিকাকে হটিয়ে গ্রুপসেরা হয়ে শুরু। এরপর শেষ ষোলয় হোসে মরিনহোর টটেনহ্যামকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারায় দলটি। কোয়ার্টার ফাইনালে নিজেদের মূল অস্ত্র টিমো ভের্নারকে ছাড়াই রুখে দেয় অ্যাটলেটিকোকে।

এমন বিস্ময়ের জন্ম দিয়ে সেমিফাইনালে এসেও প্রতিপক্ষ পিএসজিকেই ফেবারিট মানছে লিপজিগ। চলতি চ্যাম্পিয়ন্স লিগে দলটির অন্যতম সর্বোচ্চ গোলদাতা মার্সেল সাবিতজার বলেন, ‘এখানে আসাটা পাগলাটে। তবে এ ম্যাচে পিএসজি ফেবারিট, তাদের দলের যে মানের খেলোয়াড় আছেন, আর সামগ্রিক দল হিসেবেই তারা দারুণ।’

এমন দলকে হারাতে আগের ম্যাচের পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি চান সাবিতজার, ‘টুর্নামেন্টে টিকে থাকতে অ্যাটলেটিকোকে হারানোর দিনটার মতো আরেকটা দিন চাই। আমরা এই ম্যাচে কেবলই সংখ্যা বাড়াতে আসিনি, আজ জেতার জন্যেই মাঠে নামব আমরা।’

অন্যদিকে পিএসজি শেষ আটে আতালান্তার বিপক্ষে পড়ে গিয়েছিল বিদায়ের শঙ্কাতেই। নেইমার আর এমবাপের শেষ সময়ের নৈপুণ্যে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। ম্যাচের আগে থমাস টুখেলের জন্যে আরেক দুঃসংবাদ, চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক কেইলর নাভাসও।

তবে পুরো মৌসুমেই এমন খেলোয়াড় হারিয়েও মানিয়ে নিয়েছে পিএসজি। আগের ম্যাচের গোলদাতা মারকিনিয়োস একে দেখছেন দলের শক্তি হিসেবেই। তিনি বলেন, ‘আমাদের চোট ছিল পুরো মৌসুমজুড়েই। কিন্তু যেসব খেলোয়াড় ছিল তাদের নিয়েই আমরা একই মানের নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছি। আমি মনে করি, এটাই এ মৌসুমে আমাদের শক্তিমত্তার জায়গা।’

প্রতিপক্ষ নিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মূল্যায়ন, ‘তারা তরুণ আর নির্ভীক, চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটা করে দেখিয়েছে।’ এমন দলকে হারাতে পিএসজিকে সর্বোচ্চটাই ঢেলে দিতে হবে, অভিমত মারকিনিয়োসের। তিনি বলেন, ‘অ্যাটলেটিকো ম্যাচে তারা আধিপত্য বিস্তার করে দেখিয়েছে। আর তাই তাদের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে আমাদের। এখনকার দিনে, নিজেদের প্রতিপত্তির ওপর নির্ভর করাটা এখানে যথেষ্ট নয়।’

বায়ার্ন-লিও সেমিফাইনাল কাল

অন্য সেমিফাইনালে আগামীকাল বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অলিম্পিক লিও। ১০ বছর পর সেমিফাইনালে এসেছে ফরাসি দলটি। সামনে আছে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ। অন্য দল বায়ার্ন মিউনিখের হাতছানি আছে দ্বিতীয় দল হিসেবে দুটি ট্রেবল জয়ের আশা জিইয়ে রাখার সুযোগ।

ইত্তেফাক/এসআই